নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের শীতলক্ষ্যা নদী বন্দর মদনগঞ্জ উপ-কমিটির নবনির্মিত কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে সামিট পাওয়ার প্লান্ট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের যাত্রা শুরু হয়। উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ফেডারেশন সমিতির সভাপতি নাজির আহমেদ। কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ।
বাংলাদেশ কার্গো বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আনিসুর রহমান মাস্টার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম প্রধান ও মো. দিদারসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
মদনগঞ্জ উপ-কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রকির সঞ্চালনায় বক্তারা শ্রমিকদের ঐক্য ও অধিকারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, নৌ-খাতের শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং যে কোনো সংকটে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, নতুন এই কার্যালয়টি শ্রমিকদের পারস্পরিক যোগাযোগ ও সমস্যা সমাধানে একটি আস্থার কেন্দ্র হিসেবে কাজ করবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমিকদের নিরাপত্তা ও উত্তরোত্তর সমৃদ্ধি এবং সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিপুল সংখ্যক শ্রমিক সদস্য উপস্থিত ছিলেন।