নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত পদ্মা অয়েল পিএলসির ডিপোকে ঘিরে বিমানের জ্বালানি তেল (জেট ফুয়েল) পরিবহনের চুক্তি প্রক্রিয়ায় কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের দাবি, মালিক সমিতির নাম ব্যবহার করে অকিল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো পরিবহন কার্যক্রম ও চুক্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে।
সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী, বিমানের জ্বালানি তেল পরিবহনের চুক্তি প্রদান এবং সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা মানা হচ্ছে না। অভিযোগকারীদের দাবি, পূর্বে ছোট-বড় সকল ব্যবসায়ীকে সমানভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হলেও বর্তমানে মালিক সমিতির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের বঞ্চিত করে এবং জিম্মি রেখে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিজেদের পছন্দের লোকদের সুবিধা দেওয়া হচ্ছে। এ নিয়ে স্থানীয় পরিবহন খাতের ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের অভিযোগ, অকিল উদ্দিন ভূঁইয়া মালিক সমিতির সভাপতি পদের প্রভাব খাটিয়ে পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানের সঙ্গে যোগসাজশে এই সিন্ডিকেট পরিচালনা করছেন। এর ফলে সাধারণ ও স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের বাইরে গিয়ে সরাসরি কোনো পরিবহন চুক্তি করতে পারছেন না; বরং বাধ্য হয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অকিল ভূঁইয়ার মাধ্যমেই জ্বালানি সংগ্রহ ও পরিবহনের কাজ নিতে হচ্ছে।
এছাড়া স্থানীয় বিভিন্ন সূত্রে আরও অভিযোগ উঠেছে যে, মালিক সমিতির নাম ভাঙিয়ে সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকায় ডিপো থেকে বের হওয়া বিমানের জ্বালানিবাহী ট্যাংকলরি থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত অকিল উদ্দিন ভূঁইয়া এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
ভুক্তভোগী ব্যবসায়ীরা এই কথিত সিন্ডিকেট ভেঙে দিয়ে এবং অনিয়মের সাথে জড়িত ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করে পূর্বের ন্যায় সকল ছোট-বড় ব্যবসায়ীর জন্য সমানভাবে ব্যবসা করার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।