ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
দিবসটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। আধিপত্যবাদী অপশক্তি যখন আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার চক্রান্তে লিপ্ত ছিল, ঠিক তখনই বীর সিপাহী ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তারা সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বন্দিদশা থেকে মুক্ত করে এনেছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।”
ফতেহ মোহাম্মদ রেজা রিপন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, “৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবই এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি স্থাপন করেছিল। শহীদ জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছিল। তাই এই দিনটির গুরুত্ব আমাদের জাতীয় জীবনে চিরভাস্বর।”
তিনি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের নতুন করে শপথ নিতে হবে—যেকোনো ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দেশের মান সমুন্নত রাখা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। একইসঙ্গে তিনি ১৯৭৫ সালের এই দিনে আত্মোৎসর্গকারী বীর সেনানীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ও তাদের রূহের মাগফিরাত কামনা করেন।