ঐতিহাসিক ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ৫১ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিট নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ পাঁচ দশক ধরে সরাসরি ভোটাভুটি না হলেও এবারই প্রথম সাধারণ ও আজীবন সদস্যদের প্রত্যক্ষ ব্যালটে এ ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হলো।
নির্বাচনে ‘অ্যাডভোকেট নবী-টিপু পরিষদ’ মনোনীত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে সদস্য ও ভোটারদের আস্থায় বিজয়ী হন ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “রেড ক্রিসেন্ট সম্পূর্ণ একটি নিরপেক্ষ, মানবিক ও আর্তপীড়িত মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর আজীবন সদস্যরা ব্যালটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব ও ভোটারদের এই ভালোবাসার মর্যাদা আমি সর্বোচ্চ সততা দিয়ে রক্ষা করব।”
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করা হবে। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা, নিয়মিত বিনামূল্যে রক্তদান কর্মসূচি সম্প্রসারণ, তরুণ প্রজন্মকে প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা এবং ইউনিটের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে আর্তমানবতার সেবায় আমরা এক হয়ে কাজ করব।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ৯৯৭ জন আজীবন সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে দিনভর পুরো জেলা পরিষদ প্রাঙ্গণে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। নবনির্বাচিত সদস্য ফতেহ মোহাম্মদ রেজা রিপনকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।