সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে এ দাবিতে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক হাজী রমজানুর রশীদসহ বিভিন্ন ইউনিয়ন কমিটি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিক সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাশের পানগাঁও কন্টেইনার টার্মিনালই যেখানে পর্যাপ্তভাবে ব্যবহৃত হচ্ছে না, সেখানে নতুন করে ঘনবসতিপূর্ণ এলাকায় আরেকটি টার্মিনাল নির্মাণের উদ্যোগ অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত। বরফকল এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারী যানবাহনের চাপ বাড়বে। এতে স্থানীয় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, শহীদ মিনার ও গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হবে।
সমাবেশে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম অভিযোগ করেন, বিগত সরকারের আমলে একটি বিশেষ গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থ ও ব্যবসায়িক সুবিধা রক্ষার উদ্দেশ্যে বিতর্কিত এ প্রকল্প নেওয়া হয়েছিল। তিনি বলেন, জনস্বার্থবিরোধী এ প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। বিকল্প হিসেবে শান্তিরচর, কয়লাঘাট কিংবা বন্দর এলাকার ফাঁকা ও বিস্তৃত কোনো স্থানে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, প্রস্তাবিত প্রকল্প এলাকায় থাকা সেতুগুলোর উচ্চতা অপর্যাপ্ত। পাশাপাশি ভারী যানবাহন চলাচলের উপযোগী প্রশস্ত সড়কও নেই। ফলে ওই এলাকায় কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, ‘এস এস রহমান গ্রুপ লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালনার কথা রয়েছে। তাঁর অভিযোগ, এ প্রকল্প বাস্তবায়ন রাষ্ট্রীয় অর্থের অপচয় ও দুর্নীতির পথ তৈরি করতে পারে। তাই জনস্বার্থ বিবেচনায় প্রকল্পটি অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং এলাকার জনসংখ্যা, সড়কের ধারণক্ষমতা, যানবাহন চলাচল, পরিবেশ ও নাগরিক জীবনের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা জরুরি। নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ শহরে জনদুর্ভোগ বাড়াতে পারে, এমন কোনো প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়।
তাঁরা জনস্বার্থ ও নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রস্তাবিত কন্টেইনার টার্মিনাল প্রকল্প বাতিল এবং উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।