বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাবে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের যৌথ সভা শেষে এ তফসিল ঘোষণা করা হয়। বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুসারে গঠিত দুই বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচনী কার্যক্রমের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে ভোটার হওয়ার জন্য আগামী ১২ নভেম্বর বিকেল ৪টার মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে। ২২ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক ভোটার তালিকা। তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীরা ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। আপিল শুনানি শেষে ২১ ডিসেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
আগামী ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কমিউনিটি সেন্টারে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ভোটকেন্দ্র থেকেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। বোর্ডের অন্য দুই সদস্য হলেন আলহাজ মো. শাওকত আলী ও কৃষ্ণ কুমার সাহা।
অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান জি. এম. হায়দার আলী। এ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মো. দেলোয়ার হোসেন ও মকবুল হোসেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির জানান, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন বোর্ড।