নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ ও তার বাহিনীর মহড়া এবং আধিপত্য বিস্তার অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘ঝুট রাসেল’ হিসেবে পরিচিত এই নেতা ও তার অনুসারীদের কর্মকাণ্ডে এলাকার কারখানা মালিক, শ্রমিক ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রাসেল মাহমুদ দলবল নিয়ে বিসিক এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছেন। এর ফলে শিল্পাঞ্চলটির স্বাভাবিক কার্যক্রমে অস্থিরতা তৈরি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্যমতে, রাসেল মাহমুদ এবং তার অনুসারীদের বিরুদ্ধে মূলত গার্মেন্টসের ঝুট ব্যবসা দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এদিকে গার্মেন্টস মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তার এ ধরনের কর্মকাণ্ডের কারণে বিসিক শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শিল্প এলাকার পরিবেশ রক্ষায় তারা অবিলম্বে দলীয়ভাবে রাসেল মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।