নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের শেষান্তে গতানুগতিক পাঠদানের একঘেয়েমি দূর করে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে স্কুল আঙিনায় শিশুদের কলকাকলিতে মুখরিত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, তাঁর সহধর্মিণী খন্দকার তাহসিন কবির তুষ্টি, সহকারী কমিশনার (শিক্ষা শাখা) আল আমিন এবং নবনিযুক্ত সহকারী কমিশনার সংগীতা ত্রিপুরা। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে খন্দকার তাহসিন কবির তুষ্টি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার। পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও সৃজনশীল চর্চার মাধ্যমে তোমাদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে। আজকের এই আনন্দঘন আয়োজন তোমাদের শিক্ষাজীবনে নতুন প্রেরণা ও উৎসাহ জোগাবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক শাহানা আক্তার বলেন, “শিশুদের পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সহ-শিক্ষা কার্যক্রম ও আনন্দময় পরিবেশ অত্যন্ত জরুরি। ২০২৬ শিক্ষাবর্ষের সমাপ্তিলগ্নে শিক্ষার্থীদের একঘেয়েমি কাটিয়ে নতুন উদ্যম তৈরি করতেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসন, সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, সংগীত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।