আগামীকাল ২৪ নভেম্বর (মঙ্গলবার) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দুলাল হোসেন বলেন, “আগামীকাল ২৪ নভেম্বর আমাদের প্রিয় সহযোদ্ধা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে (২৪ নভেম্বর) রাতে রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল প্রয়াণ নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী রাজনীতি ও ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল।”
তিনি আরও বলেন, “মমিনউল্লাহ ডেভিড শৈশব থেকেই খেলাধুলার প্রতি প্রবল অনুরাগী ছিলেন এবং ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতেন। অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড বুনের ব্যাটিং শৈলী ও খেলার ধরন অনুসরণ করার কারণে তিনি ক্রীড়াঙ্গন ও সবার কাছে ‘ডেভিড’ নামে পরিচিত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন কর্মীবান্ধব সংগঠক, যিনি সবসময় দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকতেন এবং সাংগঠনিকভাবে দলকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রেখেছিলেন।”
শোক বার্তায় দুলাল হোসেন বলেন, “২২ বছর পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা আজও তার শূন্যতা গভীরভাবে অনুভব করে। তার ২২তম মৃত্যুবার্ষিকীতে আমি মরহুম মমিনউল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করছি।”
পাশাপাশি তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।