প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার অত্যন্ত ধৈর্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন-এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান। তিনি বলেন, তারেক রহমানের প্রতি দেশের মানুষের অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই দীর্ঘ ১৭ বছর তাঁর নির্দেশে রাজপথে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন নেতাকর্মীরা।
সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. মজিবুর রহমান বলেন, “বিগত দেড় যুগের বেশি সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও তাঁর প্রতি সাধারণ মানুষের গভীর আস্থা-বিশ্বাস ছিল বলেই আমরা জীবন বাজি রেখে ১৭ বছর ধরে তাঁর নির্দেশে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। সেই দীর্ঘ ত্যাগ ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পথ ধরেই চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।”
প্রসঙ্গত, চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্য মহড়া, পুলিশের ব্যারিকেড ও যানবাহন ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও উসকানিমূলক কর্মকাণ্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে কঠোর সমালোচনা করে ডা. মজিবুর রহমান আরও বলেন, “শেখ হাসিনা দেশে ফিরবেন—এ নিয়ে যাঁরা দিবাস্বপ্ন দেখছেন, তাঁদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। গণহত্যা, দুর্নীতি ও দীর্ঘ স্বৈরশাসনের কারণে দেশের মানুষ ফ্যাসিবাদকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। এখন গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই সফল হবে না।”
তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তি, সুশাসন ও উন্নয়ন চায় এবং জনগণের জানমালের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। এ সময় তিনি যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা রুখতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।