আগামীকাল ২৪ নভেম্বর (মঙ্গলবার) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সরকারি তোলারাম কলেজের সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খায়রুল কবির মুন্না।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক ও শ্রদ্ধা বার্তায় খায়রুল কবির মুন্না প্রয়াত এই নেতার রাজনৈতিক ও ক্রীড়া জীবনের স্মৃতিচারণ করেন।
শোক বার্তায় তিনি বলেন, “মমিনউল্লাহ ডেভিড ছিলেন নারায়ণগঞ্জের রাজপথের একজন সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব সংগঠক। যেকোনো সংকটময় মুহূর্তে তিনি নেতাকর্মীদের পাশে দাঁড়াতেন এবং সকলকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিতেন। দীর্ঘ ২২ বছর ধরে নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করে আসছে। রাজনীতির পাশাপাশি একজন নিখাদ ক্রীড়ানুরাগী হিসেবেও তিনি তরুণ সমাজের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিলেন।”
খায়রুল কবির মুন্না আরও বলেন, “২০০৪ সালের ২৪ নভেম্বরের সেই মর্মান্তিক রাতে মমিনউল্লাহ ডেভিডকে হারানো ছিল আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মরহুমের ২২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করছি।” একই সাথে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ার বাসিন্দা মমিনউল্লাহ ডেভিড রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে যুক্ত হয়েছিলেন এবং অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড বুনের ব্যাটিং শৈলী অনুসরণ করে চমৎকার ক্রিকেট খেলতেন। ২০০৪ সালের ২৪ নভেম্বর রাতে ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাঁকে নারায়ণগঞ্জের মাসদাইরস্থ সিটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। প্রতি বছর ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও তাঁর পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করা হয়।