নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইউনিট ফতুল্লা থানা যুবদলের শীর্ষ নেতৃত্বে ত্যাগী, নিবেদিতপ্রাণ ও তৃণমূলের আস্থার প্রতীক সালাউদ্দিন রানাকে সভাপতি হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। আন্দোলন-সংগ্রামে রাজপথের সক্রিয় ভূমিকা, কর্মীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন হিসেবে তাকে এ পদে দায়িত্ব দেওয়ার জোর দাবি উঠেছে দলটির তৃণমূল পর্যায়ে।
দলীয় সূত্রে জানা যায়, ফতুল্লা থানা যুবদলের রাজনীতিতে সালাউদ্দিন রানা দীর্ঘদিন ধরে অত্যন্ত সক্রিয়, পরিচিত ও জনপ্রিয় একটি মুখ। অমায়িক ব্যবহার, সদা হাস্যোজ্জ্বল স্বভাব এবং যেকোনো প্রয়োজনে নেতাকর্মীদের পাশে ছুটে যাওয়ার মানসিকতার কারণে তিনি তৃণমূলের কাছে ইতোমধ্যে ‘কর্মীবান্ধব নেতা’ হিসেবে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তৃণমূলের সাধারণ কর্মীরা তাকে ফতুল্লা থানা যুবদলের ‘প্রাণভোমরা’ হিসেবে বিবেচনা করেন।
স্থানীয় যুবদল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে সালাউদ্দিন রানা ছিলেন সম্মুখসারির যোদ্ধা। প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি কখনো মাঠ ছেড়ে যাননি। আন্দোলন ও দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা, জেল-জুলুম ও কারাবরণ করতে হয়েছে। শত নির্যাতন ও প্রতিকূলতার মুখেও দলের আদর্শ এবং শহীদ জিয়ার জাতীয়তাবাদী দর্শনের প্রতি তিনি অবিচল থেকেছেন।
তৃণমূলের একাধিক নেতাকর্মী জানান, “সালাউদ্দিন রানা শুধু নামেমাত্র নেতা নন, তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখের সার্বক্ষণিক সাথী। কর্মীদের বিপদে-আপদে খোঁজখবর নেওয়া থেকে শুরু করে সংগঠনের প্রতিটি কাজে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। রাজপথের চরম দুর্দিনেও যিনি কর্মীদের আগলে রেখেছেন, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে তার মতো সৎ ও ত্যাগী নেতার সঠিক মূল্যায়ন হওয়া সময়ের দাবি।”
নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে সামনে এনে সালাউদ্দিন রানাকে ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হলে সংগঠন অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। এতে তৃণমূলের কর্মীদের মনোবল বহুলাংশে বৃদ্ধি পাবে।
তাই তৃণমূলের আবেগ, প্রত্যাশা ও সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে সালাউদ্দিন রানার ওপর আস্থা রেখে তাকে ফতুল্লা থানা যুবদলের সভাপতি হিসেবে মনোনীত করতে যুবদলের কেন্দ্রীয় ও জেলা শীর্ষ নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।