জমকালো ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘দেওভোগ প্রিমিয়ার লিগ (সিজন-৫)’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ‘৩৬ জুলাই স্মৃতি সংগঠন’কে টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘হোসাইন স্মৃতি সংসদ’।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের ১৪ নম্বর ওয়ার্ডের দেওভোগ পানির ট্যাংকি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রংধনু স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সাদ্দাম হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাঈদ আহম্মেদ স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে আলম ও সাজ্জাদ হোসেন কমল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অ্যাডভোকেট জানে আলম, হাজী মজিবুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, মো. শাহ আলম, সিটি লিংকের স্বত্বাধিকারী তারিক হাসান তুর্য এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাগরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্ধারিত সময়ে জমজমাট লড়াই শেষে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে হোসাইন স্মৃতি সংসদ। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এর মধ্য দিয়েই পর্দা নামে দেওভোগ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের।