নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পারুল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুতুবপুর ইউনিয়নের পূর্ব শিয়াচর (লালখাঁ) এলাকায় অভিযান চালিয়ে পারুল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ ওই এলাকার শুক্কুর মুন্সির ছেলে। এর আগে একই এলাকা থেকে তার ভাই শ্রমিক লীগ নেতা আবুল কালামকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শাহ নিজাম এবং শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন পারুল হোসেন পলাশ।
এদিকে পলাশ ও তার ভাই গ্রেপ্তার হলেও এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের স্বজন ও মাদক কারবারি হিসেবে পরিচিত পারুলের পুত্র রাকিব এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
ফতুল্লা থানা পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এর আগেও পলাশ ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। পারুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।