বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এবারের নির্বাচনে ‘অ্যাডভোকেট নবী-অ্যাডভোকেট টিপু পরিষদ’ মনোনীত প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুপরিচিত মুখ ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নির্বাচনে তাঁর ব্যালট ক্রমিক নম্বর ৩।
নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন তিনি। আর্তমানবতার সেবায় নিবেদিত এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত আজীবন ও সাধারণ সদস্যদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার নগরীর নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনী ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করে সদস্য পদের প্রার্থী ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি সম্পূর্ণ একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান। আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার সংকল্প নিয়েই আমি নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, “অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপু ভাইয়ের নেতৃত্বে আমাদের পরিষদ একটি আধুনিক, গতিশীল ও মানবিক রেড ক্রিসেন্ট ইউনিট গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জে নিয়মিত রক্তদান কর্মসূচি জোরদার, তৃণমূল পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বৃদ্ধি এবং ইউনিটের সামগ্রিক কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব।”
সকল সম্মানিত সদস্য ও ভোটারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ভর করে তার যোগ্য নেতৃত্বের ওপর। তাই আগামী ৩১ অক্টোবর আপনারা কোনো দ্বিধা ছাড়াই কেন্দ্রে আসুন এবং আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুচিন্তিত রায়ের মাধ্যমেই যোগ্য, সৎ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব নির্বাচিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মানবিক কাজের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমি নবী-টিপু পরিষদের সদস্য প্রার্থী হিসেবে আমার ‘ব্যালট ক্রমিক নম্বর ৩’-এ আপনাদের মূল্যবান ভোট ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
এদিকে নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্টের সাধারণ সদস্যদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং যোগ্য প্রার্থীরাই দায়িত্ব পাবেন—এমনটিই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে।