সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তার দাবি, পারিবারিক একটি অনুষ্ঠানের ভিডিও সম্পাদনা ও কাটছাঁট করে যুবলীগ নেতা আজমেরী ওসমানের সঙ্গে তার ভিডিও কলে কথোপকথনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম সজল জানান, গত ২২ অক্টোবর তার সহধর্মিণীর বড় বোনের ছেলের শরা-কাবিন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তার সহধর্মিণীর বড় বোনের স্বামী আক্তার নূরও উপস্থিত ছিলেন। আক্তার নূর রাজনৈতিকভাবে আজমেরী ওসমানের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার সঙ্গে সম্পর্কটি সম্পূর্ণ পারিবারিক বলে দাবি করেন সজল।
ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অনুষ্ঠানে আক্তার নূর অতিথিদের ভিডিও ধারণ করছিলেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি আজমেরী ওসমানকে অনুষ্ঠানের দৃশ্য দেখাচ্ছিলেন। সে সময় সজল পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। আক্তার নূর কার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও জানান।
সজল বলেন, পরবর্তীতে ওই ভিডিওর একটি অংশ সুকৌশলে কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যুবলীগ নেতা আজমেরী ওসমানের সঙ্গে মহানগর যুবদল নেতার ভিডিও কলে কথোপকথন’—এমন বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হয়। অথচ ভিডিওতে তার সরাসরি কথোপকথনের কোনো দৃশ্য বা প্রমাণ নেই।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ভিডিওটি বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, সেখানে আমার ভূমিকা কী ছিল। আক্তার নূর কার সঙ্গে কথা বলছিলেন, তা আমি জানতাম না। আমি তখন খাবার খাচ্ছিলাম। ভিডিওতে আমি সরাসরি তার সঙ্গে কথা বলছি—এমন কোনো প্রমাণ নেই। অথচ ভিডিওটি সম্পাদনা করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে মহানগর যুবদলের আহ্বায়ক বলেন, ছাত্রজীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৩ সালে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, “গত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজপথে সক্রিয় ছিলাম। এ দীর্ঘ সময়ে অসংখ্য হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কোনো পরিস্থিতিতেই বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হইনি।”
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে সজল বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে নেমেছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত ভাবমূর্তি এবং বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে দৃঢ় কণ্ঠে মনিরুল ইসলাম সজল বলেন, “মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমার এবং জাতীয়তাবাদী যুবদলের সুনাম নষ্ট করা যাবে না, ইনশাআল্লাহ।”