ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ অপু বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে দেশপ্রেমিক সিপাহি ও মুক্তিকামী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আধিপত্যবাদী ষড়যন্ত্র নস্যাৎ হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বরের সফল বিপ্লবের মধ্য দিয়েই বন্দিদশা থেকে মুক্ত হয়ে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি জাতিকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে উন্নয়ন, উৎপাদন ও বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রার সূচনা করেছিলেন।”
মহানগর যুবদলের এই শীর্ষ নেতা বার্তায় উল্লেখ করেন, “৭ নভেম্বরের চেতনা আমাদের শিখিয়েছে যেকোনো জাতীয় সংকটে ঐক্যবদ্ধ হতে এবং আধিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে। বর্তমান সময়েও গণতন্ত্রের ভিত মজবুত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ৭ নভেম্বরের প্রেরণা অত্যন্ত প্রাসঙ্গিক।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নারায়ণগঞ্জ মহানগর যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে। তিনি দেশবাসীকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।