বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম কৃতী শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ পরিহার করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে মূল্যবান সময় নষ্ট না করার পরামর্শ দেন। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে জীবনের লক্ষ্য বা ‘Aim in Life’ নির্ধারণ করে সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিভাবকদেরও অভিনন্দন জানানো হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।