নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও সেলিনা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর শ্যামলী রিং রোডস্থ এসপি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
তাঁর অসুস্থতার খবর পেয়ে গতকাল রাতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
হাসপাতালে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ অসুস্থ আলীনূর শরীফ শামীমের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাঁরা কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তাঁর চলমান চিকিৎসার অগ্রগতি ও স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে নেতৃবৃন্দ তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বিপিএইচসিডিএ নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডা. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিটি লাইফ হাসপাতালের পরিচালক মো. কবির হোসেন, সেন্ট্রাল হসপিটালের পরিচালক মনিরুজ্জামান মনির এবং মুন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাকিব হোসেন।
সাক্ষাৎ শেষে বিপিএইচসিডিএ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. মুজিবুর রহমান বলেন, “আলীনূর শরীফ শামীম নারায়ণগঞ্জের চিকিৎসাসেবা খাত ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সংগঠনের পক্ষ থেকে আমরা তাঁর চিকিৎসার খোঁজ নিয়েছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।” একই সাথে তিনি আলীনূর শরীফ শামীমের দ্রুত রোগমুক্তির জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।
এদিকে কঠিন এই সময়ে হাসপাতালে ছুটে এসে খোঁজখবর নেওয়ায় এবং দোয়া করায় বিপিএইচসিডিএ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসুস্থ চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের পরিবার। পরিবারের পক্ষ থেকেও তাঁর পূর্ণ সুস্থতার জন্য সবার নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।







