বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও শুভেচ্ছা জ্ঞাপনকারী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্ট্রাকটি গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর জনাব রাকিবুল ইসলাম রাকিব।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কার্তিক ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, ঢাকা মহানগরের সভাপতি গৌতম কুমার মিত্র, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক-সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জনাব রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বাংলাদেশ আবহমানকাল থেকেই ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মূলমন্ত্রে আমরা বিশ্বাস করি। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আনন্দ ও সৌহার্দ্যের এক সর্বজনীন মিলনমেলা। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন ও স্ট্রাকটি গ্রুপ সর্বদা আর্তমানবতার সেবা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। উৎসবের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষ সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তি যেন বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন,“নারায়ণগঞ্জ সবসময় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার শহর। দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনে প্রশাসন ও সচেতন নাগরিক সমাজ একযোগে কাজ করছে। এমন মানবিক ও ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করবে।”
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল তাদের বক্তব্যে বলেন, জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রধান ভিত্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সবার অঙ্গীকার হওয়া উচিত।
সভাপতির বক্তব্যে কার্তিক ঘোষ আয়োজকদের পক্ষ থেকে জনাব রাকিবুল ইসলাম রাকিবসহ আমন্ত্রিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ ধরনের উদার মানবিক সহযোগিতা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনকে আরও আনন্দময় ও অর্থপূর্ণ করে তুলবে।
বক্তব্য পর্ব শেষে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।