বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ‘তারুণ্যের অহংকার’ খ্যাত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু।
আগামী ২০ নভেম্বর তারেক রহমানের ৬২তম জন্মদিন সামনে রেখে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্র পরিচালনার সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় মাকিদ মোস্তাকিম শিপলু বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও প্রবাস জীবনের পর দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমান যে দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্তে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ মহানগরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিমণ্ডলে তিনি ‘পিনো’ নামে পরিচিত। ১৯৮৮ সালে মাত্র ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন। এর আগে থেকেই তিনি ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ২০০৯ ও ২০১৬ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের সাংগঠনিক নেতৃত্ব দেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।