শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৯৩ 🪪

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৮ মাস এবং বিচারহীনতার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে ‘নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট’ এই কর্মসূচির আয়োজন করে। দীর্ঘ ১৩ বছর পার হলেও এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা না পড়ায় অনুষ্ঠানে বক্তারা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্বকীর পিতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং সংগঠনের সাবেক সভাপতি ভবানী শংকর রায়।

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৩ বছরেও মেধাবী কিশোর ত্বকী হত্যার বিচার না হওয়া আমাদের বিচার ব্যবস্থাকেই আজ প্রশ্নবিদ্ধ করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ইতিমধ্যে দুটি সরকার গত হয়েছে, কিন্তু বিচার পাওয়া যায়নি। আমরা বর্তমান সরকারের কাছে অবিলম্বে এই হত্যার বিচার দাবি করছি। এই বিচার কেবল একটি পরিবারের জন্য নয়, বরং গোটা সমাজের দায় মুক্তির জন্য সম্পন্ন করতে হবে। কারণ বিচার ব্যবস্থা স্বাধীন না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে।”

ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, “চব্বিশের ছাত্র-জনতা যে বৈষম্যের বিরুদ্ধে রাজপথে বুক পেতে দিয়েছিল, সেই আকাঙ্ক্ষা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশে মানুষে মানুষে বৈষম্য কমেনি এবং বিচার ব্যবস্থাও এখনো স্বাধীন হয়ে ওঠেনি। পরিবর্তন ও সংস্কারের যে স্বপ্ন মানুষকে উদ্বেলিত করেছিল, তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।” তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “ত্বকীর চিহ্নিত খুনিরা বিদেশে রাজকীয় জীবনযাপন করছে। শেখ হাসিনার শাসনামলের মতো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা এখন না থাকলেও বিচার পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা আজও কাটেনি।”

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বাসায় থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং দ্রুতই অভিযোগপত্র দেওয়া হবে। তবে আজ পর্যন্ত সেই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি।

ত্বকী হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ১৩ বছর ধরে প্রতি মাসের ৮ তারিখ এই আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

আজকের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, প্রদীপ ঘোষ বাবু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহামুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102