নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস. এম. শাখাওয়াত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
সংগঠনের জেলা সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ সিভিল সার্জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে জেলার বেসরকারি স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র, সেবার মান বৃদ্ধি, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে ডা. মুজিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জের মতো একটি জনবহুল জেলায় বিপুল জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আশা করি, নতুন সিভিল সার্জনের গতিশীল নেতৃত্বে এ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা আরও জোরদার হবে।” তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগের প্রতিটি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে মানসম্মত সেবা দিতে ক্লিনিক মালিক সমিতি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
স্বাগত বক্তব্যে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস. এম. শাখাওয়াত হোসেন মালিক সমিতির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং এই খাতে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব।”
তিনি আরও সতর্ক করেন যে, স্বাস্থ্যসেবা একটি মানবিক পেশা। তাই প্রত্যেককে আইন ও স্বাস্থ্য বিভাগের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সঠিক ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি কবির হোসেন, সদস্য শংকর চন্দ্র সেন, জেলা সদস্য রাকিব হাসান, এম. এম. হাসানসহ সংগঠনের সাংগঠনিক সম্পাদক (সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা) এবং অন্যান্য জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে নবনিযুক্ত সিভিল সার্জনের সফল কর্মজীবন কামনা করেন সংগঠনের নেতারা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন প্রাণের সঞ্চার হবে এবং জেলার মানুষ স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারবে।