নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সরকারের এই সিদ্ধান্তের পর তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি জেলার অভিভাবক হিসেবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তা জেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুণগত পরিবর্তন আসবে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
তিনি আরও উল্লেখ করেন, শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জের টেকসই উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের তদারকিতে প্রতিমন্ত্রীর অভিজ্ঞতা ও নিষ্ঠা নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে সড়ক ও রেলপথের উন্নয়নের পাশাপাশি জেলার মাদক ও অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন বলে নগরবাসী আশাবাদী।
উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সমন্বয়ের দায়িত্ব পান ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সরকারের এই প্রভাবশালী প্রতিমন্ত্রী।
শুভেচ্ছা বার্তায় মহানগর বিএনপির এই শীর্ষ নেতা প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।