নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ জুন (শুক্রবার) দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শামীম হোসাইনের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এসআই মোঃ শাহ আলম ও এসআই মোঃ তারেক সুমনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মৌচাক এলাকায় অবস্থানকালে দেখতে পান যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল সদস্য সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে এবং উস্কানিমূলক পোস্টার প্রদর্শন করছে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৬ জন হলেন— মোঃ আবীর হোসেন (২০), সোহাগ (১৯), অনিক সরকার (১৯), মোঃ সাব্বির হোসেন (২০), মোঃ সোহেল (১৯) ও ওয়ালিদ (১৯)। এছাড়া আইনের সহিত সংঘাতে জড়িত ৬ জন শিশু (কিশোর) হলো— মোঃ মাহফুজ আলম (১৭), তাওহীদ ইসলাম (১৭), মোঃ রিয়াদ (১৬), ইমতিয়াজ আহম্মেদ ইমন (১৬), তন্ময় (১৬) ও মেহেদী হাসান আবিদ (১৫)। গ্রেফতারকৃতরা ডেমরা ও রূপগঞ্জ এলাকার বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত ১২ জনসহ এজাহারনামীয় ৪০ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জন নিষিদ্ধ সংগঠনের সদস্যের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।