নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৮ মে) রাতে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেল লাইন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রাত ৮:৩৫ ঘটিকায় পূর্ব ইসদাইর এলাকার জনৈক নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের হাতে-নাতে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—১. জুয়েল (২৩), পিতা-মৃত শফিক, সাং-খুনিয়া গাছ (লালমনিরহাট) এবং ২. মোঃ রমজান (২১), পিতা-বাদশা, সাং-পূর্ব ইসদাইর, ফতুল্লা।
পুলিশ জানায়, তল্লাশিকালে আসামি জুয়েলের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, মোঃ রমজানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।