নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে যানজট ও জনভোগান্তি নিরসনে কঠোর অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। আসন্ন ঈদুল আজহা পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে বসার অনুমতি চেয়ে উচ্ছেদকৃত হকারদের করা আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর মিশনপাড়া এলাকায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে উচ্ছেদকৃত হকাররা এই দাবি নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এই সিদ্ধান্ত জানান।
সাক্ষাৎকালে হকাররা তাদের জীবন-জীবিকার স্বার্থে এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে বসার অনুমতি প্রার্থনা করেন। তবে হকারদের এই দাবিকে ‘অযৌক্তিক’ হিসেবে অভিহিত করেন এডভোকেট টিপু।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু বলেন, “শহরের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নগরীর ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না। আমরা একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গড়ার অঙ্গীকার করেছি, যা থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। মানুষের চলাচলের পথ বন্ধ করে কাউকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “হকারদের দাবির কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাচ্ছি না। তবে আমরা মানবিক দিকটি বিবেচনা করতে পারি। যদি তারা চায়, তবে তাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হতে পারে। তবে সেই পুনর্বাসন কোনোভাবেই শহরের প্রধান সড়ক বা ফুটপাতে হবে না; বরং শহরের বাইরে কোনো নির্ধারিত স্থানে তাদের ব্যবসার ব্যবস্থা করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।”
এডভোকেট টিপুর এই অনড় অবস্থানের ফলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। সচেতন নাগরিকরা মনে করছেন, শহরের সৌন্দর্য রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে শহরের ফুটপাত দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। এরপর থেকেই হকাররা বিভিন্ন মহলে তাদের বসার অনুমতির জন্য দৌড়ঝাঁপ চালিয়ে আসছে। তবে মহানগর বিএনপির শীর্ষ এই নেতার কঠোর বার্তার পর শহরের ফুটপাত পুনরায় দখলের চেষ্টা অন্তত আপাতত বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।