বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নাগরিকদের দুরবস্থা ঘোচাতে ৬০ দিনের কর্মসূচি হাতে নেব: নাসিকের নতুন প্রশাসক এড. সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫২ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বর্তমানে সিটির নাগরিক সমাজ অত্যন্ত দুরবস্থায় আছে। এই দুরবস্থা থেকে আমরা তাদের রক্ষা করব। নগরীর ন্যূনতম সমস্যাগুলো সমাধানে নির্দিষ্ট সময়ের একটি ৬০ দিনের কর্মসূচি হাতে নেব।”

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে প্রথমবারের মতো প্রশাসকের চেয়ারে বসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে নগর ভবনে পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

নতুন এই দায়িত্বকে ‘পবিত্র দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

নিজের প্রথম কাজের রূপরেখা তুলে ধরে প্রশাসক বলেন, “সামনে বৃষ্টির মৌসুম আসছে। এই মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দেয়। মানুষকে বাঁচাতে আমাদের প্রথম কাজ হবে মশা নিধন করা। পাশাপাশি শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার করা হবে।”

নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যাকে ‘চরম পর্যায়ের’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করেছি। ৬০ দিনের মধ্যেই এগুলোকে অন্তত সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করব। হকাররাও আমাদের নাগরিক। তাদের নিয়ে বসে আলোচনা করে সম্মানজনক সমাধান বের করা হবে। এছাড়া অটোরিকশা ও অন্যান্য যানবাহনের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করব।”

শহরের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন খান বলেন, “সবচেয়ে বড় সমস্যা হলো ধুলাবালি। শহরের ধুলাবালিতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এই ধুলাবালি পরিষ্কার করে শহরকে অন্তত কিছুটা ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি ‘গ্রীন সিটি’ গড়তে বৃক্ষরোপণ করা হবে।”

বিগত প্রশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, আগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকেই ফ্যাসিস্টদের সাথে সংশ্লিষ্ট। তবে সরকারি আমলাদের চেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ বেশি থাকে উল্লেখ করে তিনি সমস্যা সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাবেক কাউন্সিলরদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি সাবেক কাউন্সিলরদের নিয়েও বসব। এখন দল নয়, বিরোধী দলসহ সবাইকে নিয়ে আমি সমান আচরণ করতে চাই। সুষম উন্নয়নের মাধ্যমেই নারায়ণগঞ্জের পরিবর্তন ঘটাব।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি আমার কোনো ত্রুটি পান, আগে আমাকে জানাবেন। আমি তা সমাধানের চেষ্টা করব। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমাদের সফল হতেই হবে। আমি সফল না হলে আমাদের প্রধানমন্ত্রী ও এমপিরা সফল হবেন না।”

দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, নাসিক সচিব মো: নূর কুতুবুল আলম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান।

এছাড়া সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শাহেনশাহ্, সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, দিলারা মাসুদ ময়না সহ সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102