তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী-গুণগ্রাহী রেখে গেছেন।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নিবেদিতপ্রাণ ও পরিক্ষিত শীর্ষ নেতা। জাতীয়তাবাদী রাজনীতির আদর্শকে ধারণ করে তিনি আমৃত্যু রাজপথে সংগ্রাম করে গেছেন। মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা দল ও দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “তিনবারের সফল সংসদ সদস্য হিসেবে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর মতো প্রবীণ, অভিজ্ঞ ও গণমানুষের প্রিয় রাজনীতিবিদের প্রয়াণে জাতীয়তাবাদী শক্তির যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা একজন প্রকৃত অভিভাবক ও বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারালাম।”
শোকবার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া ও মোনাজাত করেন। একই সঙ্গে তিনি মরহুমের জ্যেষ্ঠ পুত্র ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই গভীর শোক সইবার ধৈর্য দানের জন্য প্রার্থনা করেন।