রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আনোয়ার প্রধান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাকে যারা অন্যায়ভাবে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করল, তাদের বিচার বিএনপির সকল নেতাকর্মীদের কাছে দিলাম। নিশ্চয়ই আমি এই বিষয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান বরাবর আপিল করব, ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।’
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত এক চিঠিতে আনোয়ার প্রধানের পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
তবে এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না আনোয়ার প্রধান। ফেসবুক বার্তায় তিনি অভিযোগ করেন, কোনো ন্যায়সংগত কারণ ছাড়াই একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি গভীরভাবে পর্যালোচনার জন্য তিনি সাধারণ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং ন্যায়বিচারের আশায় বিএনপির হাইকমান্ড তথা দলের চেয়ারম্যান বরাবর লিখিত আপিল দায়েরের প্রত্যয় ব্যক্ত করেন।