মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ডেঙ্গু মহামারি থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান – আবদুল জব্বার এমপি আবুল কালামের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু তোলারাম কলেজের পুনর্মিলনী উৎসবের আয়োজন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ, প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি সিদ্ধিরগঞ্জের অ্যাডভান্স কেয়ার হসপিটালের পরিচালক হলেন ডা. মজিবুর রহমান সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, ভিডিও কনফারেন্সে যুক্ত সমাজকল্যাণমন্ত্রী পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন

ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬৪ 🪪

নারায়ণগঞ্জে ৬৮টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান বিতরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সব নাগরিক সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্যের সঙ্গে অন্যায় হলে বিএনপি ও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর পূজামণ্ডপগুলোর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর ৬৮টি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের সবার পরিচয় বাংলাদেশি। দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করে আসছে। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়েছে। এই ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে এবারের দুর্গোৎসব বিশেষ তাৎপর্য বহন করছে। অতীতের মতো এবারও যাতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সরকার ও অন্যান্য রাজনৈতিক দলও দুর্গোৎসব নির্বিঘ্ন করতে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও সেগুলোর আওতায় পুরো মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিমার অলংকার, পোশাকসহ মূল্যবান সামগ্রী সুরক্ষিত রাখার বিষয়ে পূজামণ্ডপ কমিটিগুলোকে সতর্ক থাকতে হবে। অপরাধীর কোনো ধর্মীয় পরিচয় নেই। তাই চুরি কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হবে।

নারায়ণগঞ্জের দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সাখাওয়াত হোসেন খান আশা প্রকাশ করে বলেন, পুলিশ প্রশাসন, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গোৎসব আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজা বিভা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, শিল্পপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন ও সহসভাপতি তিলোত্তমা দাস।

এ ছাড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102