বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৬২ 🪪

একদিকে রেললাইন, অন্যদিকে ঘনবসতি—মাঝখানে নেই কোনো চলাচলের পথ। দীর্ঘকাল ধরে এভাবেই জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন রেললাইনের পাশ দিয়ে যাতায়াত করতে হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘বাংলাদেশ খাঁদ’ এলাকার প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষকে। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং নিরাপদ যাতায়াতের জন্য অবিলম্বে আধা কিলোমিটারের একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই জনদাবিকে সামনে রেখে আজ ১১ আগস্ট (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন এলাকাবাসীর সমস্যার কথা শোনেন। তিনি এই দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র দেখে সমবেদনা প্রকাশ করেন এবং সমস্যা নিরসনে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ ও দ্রুত রাস্তা নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফতুল্লা মৌজার রেললাইন সংলগ্ন বাংলাদেশ খাঁদ এলাকায় বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৬০ থেকে ১৬৫টি পরিবার বসবাস করছে। কয়েক হাজার মানুষের এই বিশাল বসতি গড়ে উঠলেও আজ পর্যন্ত যাতায়াতের জন্য কোনো নিরাপদ সড়ক নির্মিত হয়নি। ফলে স্কুল-মাদ্রাসাগামী শিশু, নারী, বয়স্ক ও সাধারণ পথচারীদের প্রতিদিন প্রাণ হাতে নিয়ে রেললাইনের ধার ঘেঁষে যাতায়াত করতে হচ্ছে। জনসংখ্যা ও বসতি বাড়লেও এলাকার যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এলাকাবাসীর দাবি, নিরাপদ বিকল্প পথ না থাকায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশুদের নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অভিভাবকদের সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে থাকতে হয়। একটি আধা কিলোমিটারের রাস্তা নির্মাণ করা হলে এলাকাবাসীর এই আজন্ম দুর্ভোগ দূর হবে এবং রেললাইনে চলাচল বন্ধ হয়ে ঝুঁকি কমবে।

এই জনদুর্ভোগ নিরসনে সম্প্রতি উদ্যোগ নিয়েছেন স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব সিহাব প্রধান, সাইদুর রহমান পাপ্পু এবং বাংলাদেশ খাঁদবাসী। নারায়ণগঞ্জ জেলা এনসিপি যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতির নেতৃত্বে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল আজ দুপুরে স্থানীয় সংসদ সদস্যের কাছে তাদের দাবি ও দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তাদের দাবি—রেললাইন সংলগ্ন বটতলা থেকে বাংলাদেশ খাঁদের শেষ সীমানা পর্যন্ত অন্তত আধা কিলোমিটার বিকল্প সড়ক নির্মাণ করা হোক।

দাবিটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “জনগণের নিরাপত্তা ও যাতায়াতের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি এই ন্যায্য দাবির পাশে আছি এবং দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”

দাবি উত্থাপনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দা জালাল বাবুর্চী, খলিলুর রহমান, মোশারফ, শাকিল আহম্মেদ, আব্দুর রব, মতিউর রহমান, নাজমুল খাঁন, খালেদ মোশাররফ সহ আরও অনেকে।

সংসদ সদস্যের এই আশ্বাসের পর ফতুল্লার বাংলাদেশ খাঁদ এলাকার মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে রাস্তা নির্মাণের কাজ শুরু হবে এবং কয়েক হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102