নারায়ণগঞ্জের ফতুল্লাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে দেলপাড়া-চিতাশাল রাস্তার সংস্কার কাজ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এই সংস্কার কাজের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এতে কুতুবপুর ও দেলপাড়া এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, জনভোগান্তি নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তার কাজ শুরু করা হচ্ছে। কাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।
সংস্কার কাজের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ্। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, “দেলপাড়া থেকে পাগলা হয়ে চিতাশাল পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘ দুই বছর ধরে অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। এখানকার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। আমরা এই রাস্তার জন্য মানববন্ধন করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি এবং জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়কে বারবার স্মারকলিপি দিয়েছি। আজ আমাদের সেই কষ্টের অবসান হতে যাচ্ছে। এটি আমাদের জন্য এক মাহেন্দ্রক্ষণ।”
হাজী মো. শহীদুল্লাহ্ আরও বলেন, “রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়সহ নানা প্রশাসনিক জটিলতা থাকায় কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে। তবে আজ ইউএনও মহোদয়, সদর উপজেলার প্রধান প্রকৌশলী এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সাহেবের উপস্থিতিতে কাজের যে শুভ সূচনা হলো, তাতে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসইভাবে এই রাস্তার কাজ সম্পন্ন করতে মাসখানেক সময় লাগতে পারে।”
প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “রাস্তার জন্য আমরা বারবার অনুরোধ করে হয়তো কর্মকর্তাদের কিছুটা বিরক্তও করেছি, কিন্তু জনগণের কষ্ট লাঘবে উনারা আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। এজন্য আমি ইউএনও এবং প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
সংস্কার কাজের ঘোষণা শেষে এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।