নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ তাদের সহযোগী সংগঠনগুলো বর্তমানে নিষিদ্ধ। নিষিদ্ধ এই সংগঠনগুলোর কেউ যদি কোনো ধরনের নাশকতামূলক বা অরাজক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।”
সোমবার (২২ জুন) সন্ধ্যায় শহরের চাষাড়া এলাকায় আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা বিরোধী এক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দলীয় নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় সতর্ক প্রহরার নির্দেশ দিয়ে বলেন, “আপনারা পাড়া-মহল্লায় সজাগ দৃষ্টি রাখবেন যাতে নিষিদ্ধ এই সংগঠনগুলো কোনো প্রকার মিছিল বা সমাবেশ করতে না পারে। কেউ যদি আইন অমান্য করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তবে তাকে ধরে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন।”
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের জবাবদিহিতার দাবি তুলে তিনি বলেন, “আওয়ামী লীগ ৫ আগস্টের ঐতিহাসিক জুলাই বিপ্লবের অর্জনকে অগ্রাহ্য করে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা এদেশের জনগণ কখনোই মেনে নেবে না। তাদের বিগত দিনের সকল অপকর্মের বিচার হতে হবে এবং দোষীদের সাজা ভোগ করতে হবে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগ যদি পুনরায় রাজনীতি করতে চায়, তবে তাদের ওপর থাকা আইনি নিষেধাজ্ঞা আগে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রত্যাহার করাতে হবে। অন্যথায়, আইনত নিষিদ্ধ কোনো সংগঠনের রাজনৈতিক কর্মসূচি পালনের কোনো সুযোগ এ দেশে নেই।”
শান্তি মিছিলে মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, শওকত হাশেম শকু ও শাহিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল ও পায়ে হেঁটে টহল দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। শহরজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করলেও বিএনপির নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।