নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
১৪ জুন (রোববার) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে আদমজী বিহারী কলোনী ৩নং বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মিজানুর রহমান মিজানকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাত ১টা ২০ মিনিটে পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় মাদক কারবারি আরমানের কবুতর পালার ঘরে অভিযান চালিয়ে আরমান (৩০) ও বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অন্যদিকে, ১৫ জুন (সোমবার) সকাল ৮টা ৪০ মিনিটে ২নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্বাছ (৪২) ও মোঃ শাহ আলমকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আদমজী নতুন বাজারের মিজানুর রহমান মিজান, পশ্চিম কলাবাগের আরমান ও বিল্লাল হোসেন এবং মিজমিজি পাগলাবাড়ী এলাকার মোঃ আব্বাছ ও মোঃ শাহ আলম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। মোঃ শাহ আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি, আরমানের বিরুদ্ধে ৩টি এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখতে এবং অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই রূপ কঠোর অভিযান সর্বদা অব্যাহত থাকবে।