পাওনা টাকা পরিশোধ না করে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং নির্মাণ কাজের মালামাল আটকে রাখার অভিযোগে রাজধানীর একটি আদালতে মামলা দায়ের করেছেন মো. আনিসুর রহমান নামে এক নির্মাণ ঠিকাদার। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
মামলার বিবরণ অনুযায়ী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমান ‘মেসার্স মনিরা কনস্ট্রাকশন’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট যাত্রাবাড়ীর মোগলনগর এলাকার মো. সালাউদ্দিনের একটি বহুতল ভবন নির্মাণের চুক্তি করেন। ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও ঠিকাদারের পাওনা ১ লক্ষ ৪ হাজার ৩৭৫ টাকা বিল পরিশোধে ভবন মালিক সালাউদ্দিন তালবাহানা শুরু করেন।
গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমান বকেয়া বিলের জন্য ওই নির্মাণাধীন ভবনে গেলে মালিক সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, সালাউদ্দিন তার সহযোগী ফারুক, রাজু সরকার, আব্দুল মালেকসহ আরও ৮ জন নিয়ে আনিসুর রহমান ও তার সহযোগী মইনুল তালুকদারকে আটকে রাখেন। এসময় তারা দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আনিসুর রহমানকে কোনো টাকা ও মালামাল দেওয়া হবে না বলে হুমকি দেন এবং জোরপূর্বক সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর করিয়ে নেন। পাশাপাশি ঠিকাদারের মালিকানাধীন প্রায় ১০ লক্ষ ৮ হাজার ৭৮০ টাকা মূল্যের নির্মাণ সামগ্রীও অবৈধভাবে আটকে রাখেন তারা।
এই ঘটনায় আনিসুর রহমান বাদী হয়ে ঢাকার আমলি আদালতে মো. সালাউদ্দিনসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি সিআর মামলা (মামলা নং ৩৯/২৬) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেন।
ভুক্তভোগী আনিসুর রহমান জানান, মামলার খবর পেয়ে আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত ১৫ জানুয়ারি সকালে আসামিরা তার বর্তমান বাসভবনে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করেন। মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওইদিনই তিনি রাজধানীর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯৭৫) করেন।
আনিসুর রহমানের দাবি, আসামিরা স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় তারা সিআইডির তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন। তাদের ক্রমাগত হুমকিতে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসায়িকভাবেও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন।