বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে রোববারের মধ্যে বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবি জানিয়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সোনারগাঁয়ের শিক্ষার্থীরা আবারও মহাসড়কে নেমে কঠোর কর্মসূচি পালন করবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নারী যাত্রীদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে মোগরাপাড়া থেকে গুলিস্তান রুটে দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে সাধারণ যাত্রীদের ভাড়া ৭৫ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হয়। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষার্থীদের জন্য হাফপাস চালু করে ভাড়া ৪০ টাকা নির্ধারণ করতে হবে।
এদিকে, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, হাফপাস চালুর দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। পরে তারা সড়ক থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।