শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিমা সরদার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ জেলার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ আর্থিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা বলেন, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর আগে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৪৩ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সা।
সংগঠনটির হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার ধরে নতুন নির্ধারিত হারে বাসভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল বাবদ ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। তবে বিআরটিএর নতুন প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহনে যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু হয় বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৩ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা হিসাবে ১৯ কিলোমিটার রুটের ভাড়া ছিল ৪৬ টাকা ১৭ পয়সা। এর সঙ্গে ৫ টাকা ফ্লাইওভার টোল যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫১ টাকা ১৭ পয়সা। কিন্তু সে সময়ও যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। তাদের হিসাবে, এতে যাত্রীপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা অতিরিক্ত আদায় করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, গণপরিবহন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে সহনীয় ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করা জরুরি।
বিবৃতিতে তারা অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ, সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।