পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের চাষাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ধরে সাইনবোর্ড মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন এবং সন্ত্রাস ও ষড়যন্ত্রবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জাবেদ, কুতুবপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয় এবং কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী ইব্রাহিম বেপারী।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী মহল দেশে পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির অতন্দ্র প্রহরীরা মাঠে থাকতে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্ত রাজপথেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তারা তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।
উক্ত বিক্ষোভ মিছিলে কুতুবপুর ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।