সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে।
রবিবার ১৬ আগষ্ট বিকাল ৩টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ।
বক্তব্য প্রদান করেন- জেলার সহ-সভাপতি প্রীতিকণা দাস, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, পরিচালনা করা সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
সভায় বক্তারা বলেন- সারাদেশে ২/৩ বছরের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব নারী—জীবনের প্রতিটি পর্যায়ে নারীরা সহিংসতার শিকার। বিশেষ করে পাঁচ থেকে নয় বছর বয়সী কন্যাশিশুদের ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে, ধর্ষণের জন্য কখনোই ভুক্তভোগী দায়ী নয়; দায়ী অপরাধী এবং সেই সামাজিক মানসিকতা, যা অপরাধীদের প্রশ্রয় দেয়। এছাড়াও হত্যা, নির্যাতন, সাইবার ক্রাইম, ছেলে শিশু বলাৎকার চরম আকার ধারণ করেছে। এই কাপুরুষদের প্রতিরোধ করা ও বিচারের আওতায় আনা জরুরি। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরী। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না। ফলে নরপশুরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের টার্গেটে পরিণত হয়েছে কন্যা শিশু, নারী ও ছেলে শিশু। এছাড়াও উগ্র মৌলবাদীদের ধর্ম নিয়ে বাড়াবাড়ির সুযোগে নরপশুরা সারাদেশে নোংরা খেলায় মেতেছে।
সামাজিক অবক্ষয় ও আইনের শাসন নেই বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিচারহীনতার এই অপসংস্কৃতি বন্ধ না হলে অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে।