নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘সম্বর্ধনা ও গৌরবের অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া প্রধান শিক্ষিকাকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। মেধাবীদের উৎসাহিত করা এবং শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান করা একটি মহৎ কাজ। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে এই বিদ্যালয়ের শিক্ষিকার অর্জন আমাদের জন্য গর্বের।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, মেধা ও নৈতিকতার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংবর্ধনা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।