নারায়ণগঞ্জের চাষাড়ায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত শুভ দাস ওরফে বিল্লাল হোসেন হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি ক্ষোভ ও বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

নাট্যকার, চিত্রশিল্পী ও সাংবাদিক ফজলুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন নিহত শুভর স্ত্রী জ্যোতি হোসেন, মা আয়েশা বেগম এবং বোন সুমাইয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, শুভ হত্যাকাণ্ডের দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রশাসন এখন পর্যন্ত অন্যতম প্রধান আসামি অনিক, অহিদ, সুমন, ইমন, জয়, বাহার, রাহাত, ছোয়াদ ও সাজ্জাদসহ মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। ফলে শুভর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

বক্তারা আরও অভিযোগ তোলেন, বর্তমানে এ মামলার বাদী খোদ পুলিশ হওয়ায় ঘটনার নিরপেক্ষ ও প্রকৃত সত্য উদঘাটন নিয়ে পরিবারের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে। এ সময় শুভর স্ত্রী জ্যোতি হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের স্বজন হারিয়েছি, অথচ মামলার বাদী করা হয়েছে পুলিশকে। আমরা যাতে এই মামলার বাদী হতে পারি, সেই সুযোগ ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

বক্তারা আক্ষেপ করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া আসামিদের জেলহাজতে যথাযথ শাস্তির বদলে অনৈতিক সুবিধা দিয়ে ‘জামাই আদরে’ রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

অবিলম্বে সব পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির রায় কার্যকর করার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর হুঁশিয়ারি ও জোরালো দাবি জানান আন্দোলনকারীরা।