নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের পাশে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি খেলার মাঠের উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীকে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন সংসদ সদস্য মাধবী মার্মা।
জনস্বার্থমূলক ও অত্যন্ত সময়োপযোগী এই পদক্ষেপ গ্রহণ করায় সংসদ সদস্য মাধবী মার্মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন বলেন, “আলীরটেক ইউনিয়নের তরুণ ও যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশ এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পাশে একটি খেলার মাঠের দাবি দীর্ঘদিনের। পর্যাপ্ত সুযোগ ও মাঠের অভাবে এলাকার কিশোর ও তরুণরা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল। যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলার মাঠের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “জনস্বার্থ এবং নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংসদ সদস্য মাধবী মার্মা যে আন্তরিকতা দেখিয়েছেন এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে ডিও লেটার প্রদান করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আলীরটেক ইউনিয়নবাসী ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা তাঁর এই ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন আশা প্রকাশ করে বলেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ও অর্থ বরাদ্দ সম্পন্ন করে মাঠটির নির্মাণ ও আধুনিকায়ন কাজ বাস্তবায়ন করবে। এর ফলে আলীরটেকের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে এবং এলাকার ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।”
উল্লেখ্য, আলীরটেক ইউনিয়নে একটি উপযুক্ত খেলার মাঠের অভাবে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও আক্ষেপ ছিল স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের। সংসদ সদস্যের এই ডিও লেটার পাঠানোর খবরে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।