অভিযুক্তরা হলেন— বন্দর কলাবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা রহমত উল্লাহ খোকন (৪৮) এবং সালেহ নগর রোড এলাকার বাসিন্দা মাজেদুল ইসলাম মুকুল (৫২)। এছাড়া অভিযোগে আরও তিনজনকে অজ্ঞাতনামা হিসেবে যুক্ত করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুল মালেকের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত এই জটিলতার সমাধানে ২০২০ সালে আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নম্বর- ১৪৮) দায়ের করা হয়। তবে মামলাটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্তরা জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে বলে অভিযোগ ভুক্তভোগীর। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত বিচার-শালিসও অভিযুক্তরা অমান্য করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট রাতে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি বন্দর থানাধীন স্বল্পেরচক পুরান স্কুলের পাশে অবস্থিত আনোয়ার কন্ট্রাক্টরের ভাড়া বাড়িতে প্রবেশ করে। সেখানে অবস্থানরত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা বেগমকে (৪৭) ভবনের চার তলা থেকে নিচে ডেকে এনে জমি সংক্রান্ত বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেওয়া হয়। বিবাদীদের কথা না শুনলে আব্দুল মালেক ও তাঁর ছেলেকে সরাসরি জানে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পরিবারের সুরক্ষার স্বার্থে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আব্দুল মালেক।