রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রক্ষা পেল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’: কোরবানি না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৯৫ 🪪

নারায়ণগঞ্জের সেই আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে শেষ মুহূর্তে কোরবানি থেকে রক্ষা পেয়েছে বিশ্বব্যাপী ভাইরাল হওয়া এই বিরল প্রজাতির প্রাণীটি। বুধবার (২৭ মে) বিকেলে মহিষটিকে কেরানীগঞ্জের মালিকের বাড়ি থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল ৪টার দিকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহিষটির বর্তমান মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই মহিষটিকে কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি সংরক্ষণের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

মহিষটির মালিক মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, “আমি রোজার ঈদের পরপরই মহিষটি কিনেছিলাম। তিন দিন আগে খামার থেকে বাড়িতে আনি। আজ বিকেলে পুলিশ এসে জানালো সরকার এটি নিয়ে যাবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, সরকার চেয়েছে তাই দিয়ে দিয়েছি।” মহিষের দামের বিষয়ে তিনি জানান, সরকার তাকে এর ক্রয়মূল্য পরিশোধ করবে অথবা কোরবানির জন্য বিকল্প হিসেবে অন্য একটি গরু প্রদান করবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ সংবাদমাধ্যমকে জানান, “মহিষটি একটি বিরল প্রজাতির প্রাণী। জনস্বার্থে এবং প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এটিকে মালিকের বাসা থেকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে এটিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।”

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এ বিষয়ে জানান, মহিষটির বিরল বৈশিষ্ট্য এবং এটি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় সরকার একে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন মনিরুজ্জামান। মহিষটির সাদাটে গায়ের রঙ, চুল ও চোখের মণির বিশেষত্বের কারণে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। রয়টার্স ও এএফপি-সহ বিশ্বের বিভিন্ন নামি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এটি বৈশ্বিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মহিষটি উদ্ধার করে থানায় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানেও উৎসুক জনতার ভিড় জমে। তবে বিরল প্রজাতির এই প্রাণীটিকে শেষ পর্যন্ত কোরবানি না করে সংরক্ষণ করার সরকারি সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এটি এখন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকবে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102