এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন বলেন, “ধলেশ্বরী নদীবেষ্টিত আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি স্থায়ী সেতু। স্বাধীনতার পর থেকে যুগ যুগ ধরে এ অঞ্চলের কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও নৌকায় নদী পারাপার হয়ে আসছেন। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা নিতে গিয়ে নদী পারাপারের ভোগান্তিতে প্রায়ই মুমূর্ষু রোগীর প্রাণহানির ঘটনা ঘটে। কৃষকদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে শহরে নিয়ে যেতে না পারায় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।”
তিনি আরও বলেন, “চরাঞ্চলবাসীর এই চরম মানবিক দুর্ভোগ উপলব্ধি করে ডিক্রিরচর ও বক্তাবলী ঘাটে সেতু নির্মাণের জন্য এলজিআরডি মন্ত্রীকে ডিও লেটার দেওয়ায় এমপি মাধবী মার্মাকে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও সাধারণ জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর এই আন্তরিক প্রচেষ্টা অবহেলিত এই জনপদের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।”
বিএনপি নেতা আনোয়ার হোসেন দ্রুত এই সেতুর সম্ভাব্যতা যাচাই ও বরাদ্দ নিশ্চিত করে দৃশ্যমান কাজের দাবি জানিয়ে বলেন, “আমরা আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ করবে। সেতুটি নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থারই আমূল পরিবর্তন হবে না, বরং কৃষিপ্রধান আলীরটেক ও বক্তাবলীর সঙ্গে নারায়ণগঞ্জ শহর ও রাজধানীর সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হয়ে এলাকার সার্বিক অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বাসিন্দাদের জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই রুটে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে। সংসদ সদস্যের এই ডিও লেটার প্রদানের মাধ্যমে সেতু নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।