বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের নিকট জেলার বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও ঐতিহ্যবাহী জনপদ, যা দেশের শিল্প ও বাণিজ্যের সূতিকাগার হিসেবে পরিচিত। সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগরীর ঈশা খাঁ রোডে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিআইডব্লিউটিএ-র জেটি ও সংলগ্ন ভূমিতে একটি অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিআইডব্লিউটিএ থেকে ইজারা নেওয়া জমিতে গড়ে ওঠা বরফকল খেয়াঘাট সংলগ্ন জনপ্রিয় ‘চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক’টি অবমুক্ত (উচ্ছেদ) করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নাগরিক প্রতিনিধিরা স্মারকলিপিতে জানান, কংক্রিটের এই ব্যস্ত নগরীতে শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং সব বয়সের নারী-পুরুষের নির্মল বায়ু সেবন ও বিনোদনের একমাত্র উন্মুক্ত স্থান এই ইকো পার্কটি। পার্কটিতে সহস্রাধিক ছায়াঘেরা বৃক্ষরাজি এবং দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন নানা রাইডস রয়েছে। প্রতিদিন নগরবাসী সপরিবারে এখানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসেন। বৃহত্তর জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্কটি টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি।
স্মারকলিপিতে আরও সতর্ক করে বলা হয়, যে এলাকায় আইসিটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানকার পার্শ্ববর্তী সড়কগুলো অত্যন্ত সরু। এ অবস্থায় সেখানে টার্মিনাল চালু হলে ভারী কনটেইনারবাহী যানবাহনের চাপে তীব্র যানজটের সৃষ্টি হবে এবং গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পার্কটি ধ্বংস না করে জনস্বার্থে এটি সংরক্ষণপূর্বক আইসিটি নির্মাণের বিকল্প পরিকল্পনা গ্রহণের জোর দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জবাসীর পক্ষে এ স্মারকলিপিতে স্বাক্ষর করেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম এ সোলায়মান, নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জগলু, সাধারণ পাঠাগারের সভাপতি কুতুবউদ্দিন শাহীন, বিশিষ্ট সমাজসেবক শাহ আলম, মানবকল্যাণ পরিষদের মহাসচিব মো. নিজামউদ্দিন, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য মো. আসলাম।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা ও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনার আশ্বাস দেন।