আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে WICE 2026। প্রতিযোগিতার রোবটিক্স বিভাগে অংশ নেবে নারায়ণগঞ্জের এই তরুণ উদ্ভাবক দল।
প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৯টায় মালয়েশিয়ার উদ্দেশে নারায়ণগঞ্জ ছাড়বে দলটি। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা।
‘RoboBee Innovators’ দলের সদস্যরা হলেন মোস্তাকিম রহমান মাহির, ইফতেখার মাহমুদ রোহান, মুবীন আহমেদ, তামিমুল ইসলাম মাহি ও স্পন্দন সাহা।
দলের সদস্যরা জানান, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তারা গর্বিত। প্রতিযোগিতায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অংশ নিয়ে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় ‘RoboBee Innovators’-এর তরুণ সদস্যরা তাদের আন্তর্জাতিক যাত্রা ও প্রতিযোগিতায় সফলতার জন্য নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা কামনা করেছেন।