বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) সন্ধায় বন্দর উপজেলার ১নং মাধবাপাশা সেনপাড়াস্থ সংগঠনের সদস্য মো. আব্বাস উদ্দিনের বাসভবনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ভূঁইয়ার দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আলমগীর আজাদ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান, সদস্য আব্বাস উদ্দিন ও রবি মিয়াজিসহ অসুস্থ সকল সদস্যের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি পদে হাজী মুহসীন দেওয়ানের নেতৃত্ব লাভ পুরো সংগঠনের জন্য এক অনন্য গৌরবের বিষয়। তার বলিষ্ঠ নেতৃত্বে বন্দর থানা প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, জনকল্যাণমুখী কাজ এবং এলাকার গণমানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, সিনিয়র সহ-সভাপতি জিয়াউদ্দিন ভূঁইয়া, পারভেজ আলম, আলহাজ্ব আলমগীর হোসেন এমএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান স্বপন, শহিদুজ্জামান শাহীন, রোটারিয়ান ফিরোজ আল মুজাহিদ দুলাল, জসিমউদ্দীন, কামাল উদ্দিন, বিল্লাল দেওয়ান, জামাল উদ্দিন, আলহাজ্ব আজিবুর রহমান, মো. শাহ আলম, মাকসুদ হোসেন রলি এবং মাওলানা মাহফুজুল ইসলামসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভা শেষে বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজী মুহসীন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভকামনা জানান ফোরামের নেতৃবৃন্দ।