নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানকে নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর দেওয়া বক্তব্যকে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আক্তার হোসেন অপু বলেন, জাকির খান নারায়ণগঞ্জের রাজপথের এক লড়াকু সৈনিক এবং তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক। দীর্ঘ সময় কারাবরণ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া সত্ত্বেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। অথচ দলের একটি দায়িত্বশীল পদে থেকে এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু যেভাবে একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন, তা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, টিপুর এই ধরনের বক্তব্য দলের অভ্যন্তরীণ ঐক্যে ফাটল ধরাতে পারে। যেখানে বর্তমানে স্বৈরাচার পরবর্তী সময়ে দলকে সুসংগঠিত করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা প্রয়োজন, সেখানে দায়িত্বশীল নেতার এমন কুরুচিপূর্ণ বক্তব্য নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।
অপু বলেন, “জাকির খানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর জনপ্রিয়তাকে ম্লান করা যাবে না। আমি অনতিবিলম্বে এ ধরনের অশালীন বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। নতুবা তৃণমূলের নেতাকর্মীরা এমন প্রতিহিংসামূলক আচরণের উপযুক্ত জবাব দেবে।”
বিবৃতিতে তিনি দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দল ও নেতৃত্বের প্রতি কাদা ছোড়াছুড়ি বন্ধ করে রাজপথের পরীক্ষিত নেতাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে দলকে রক্ষা করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, সম্প্রতি মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউছুফ খান টিপু গণমাধ্যমে জাকির খানকে নিয়ে কিছু মন্তব্য করেন, যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এবং নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে এই নিন্দা ও প্রতিবাদ জানালেন আক্তার হোসেন অপু।